শার্শায় অপরাধ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ০৮:২৮
শার্শা উপজেলার নিজামপুর  ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার বিকালে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যোগে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) দিবাকর মালাকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাসমিম আলম। গোড়পাড়া ফাঁড়ি পুলিশের টুআইসি বাবুল আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। 
 
উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ন বিটের সদস্যবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আ. ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরফদার, গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) শেখ লুৎফর রহমান, ইউপি সদস্য ও নিজামপুর ইউনিয়ন শাখা মুক্তিযোদ্ধা কমান্ডার হাইম উদ্দিন খান প্রমুখ।   
 
শার্শা-বেনাপোলে ৩০ মণ্ডপে দুর্গাপূজা : এবার শার্শা উপজেলায় মোট ৩০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শার্শা থানায় ২১টি আর বেনাপোল পোর্ট থানায় ৯টি মণ্ডপে পুজা উদযাপন হবে। সরেজমিনে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলির কাজ চলছে। প্রতিমা শিল্পীরা রং তুলি দিয়ে প্রতিমাগুলোকে সাজিয়ে তুলছেন। কিছু কিছু মণ্ডপে চলছে ডেকোরেশনের কাজ। মণ্ডপে আইনশৃঙ্খলা বজায় রাখতে আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি পুলিশের তিনটি মোবাইল টিম কাজ করবে বলে জানান থানা কর্তৃপক্ষ।
 
যশোর জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী বৈদ্যনাথ দাস জানান, শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করা হয়েছে। পূজা চলাকালীন মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। 
 
 
ইত্তেফাক/ইউবি