সাঁথিয়ায় ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টায় কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৬:৪৯
পাবনার সাঁথিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার প্রদর্শক মনিরুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এক বৈঠকে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে। তিন দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
 
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদর্শক মনিরুল ইসলাম ৯ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। এরই ধারাবহিকতায় গত রবিবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময়ে কম্পিউটার প্রদর্শক ওই ছাত্রীকে তার রুমে ডেকে নেয়। ছাত্রী রুমে ঢোকার পর মুহূর্তেই শিক্ষক তার শ্লীলতাহানীর চেষ্টা চালায়। পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনাটি খুলে বলে। পরে বিষয়টি লিখিত অভিযোগ আকারে দাখিল করে ওই ছাত্রী। এর পরিপ্রেিেক্ষতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সোমবার জরুরী এক বৈঠকে বসেন। বৈঠকে শেষে ওই শিক্ষককে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন প্রধান শিক্ষক আজিবর।
 
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনিরুলের নিকট জানতে চাইলে সে এ প্রতিনিধিকে জানায়, আমি অসুস্থ এ ব্যাপারে পরে কথা বলবো। 
 
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, স্কুল ছাত্রীর অভিযোগ পাওয়ার পর আমরা এবং ম্যানেজিং কমিটির সদস্যরা বৈঠক করে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি।
 
ইত্তেফাক/নূহু