দেওয়ানগঞ্জে পানিতে ডুবে এক শিশু নিখোঁজ

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৭:৪১
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির দক্ষিণ পাটাদহপাড়া এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।
 
এলাকাবাসী জানায়, আজ দুপুরে উপজেলার সানন্দবাড়ির দক্ষিণ পাটাদহ পাড়ার বাসিন্দা সবজি বিক্রেতা সাখাওয়াত হোসেনের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অলি আবদীন (১০) তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনে যমুনার শাখা নদীতে গোসল করতে যায়। তারা সাঁতার কাটছিল। এক পর্যায়ে অলি আবদীন স্রোতের তোড়ে ভেসে যায়। নিখোঁজ হয়। 
 
খবর পেয়ে এলাকাবাসীসহ নিখোঁজের স্বজনরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একদল ডুবুরী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে তারাও ব্যর্থ হয়।
 
ইউপি সদস্য আমিনুল ইসলাম এবং ডুবুরি টিম লিডার হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/নূহু