হবিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় ঠিকাদার নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৮:১০
হবিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের টাউনহল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা মাসুদ আহমেদ (৬৫)। এ সময় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান প্রতিদিন ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন। মঙ্গলবারও নিয়মিতভাবে কয়েকজন লোকসহ হাঁটতে বের হন। তারা টাউনহল রোডের বলাকা ডেকোরেটার্সের কাছে পৌঁছুলে শায়েস্তগঞ্জ থেকে হবিগঞ্জ শহরমুখী একটি পিকাআপ ভ্যান বেপরোয়া গতিতে এসে ঠিকাদার মাসুদ আহমেদের ওপর তুলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মানুষেরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। 
 
হাসপাতালে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পথে তিনি রাস্তায় মারা যান। এদিকে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে এমপির বাসায় দলীয় নেতাকর্মী এসে ভিড় জমায়। তাদের দাবি, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপি মজিদ খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
 
অপরদিকে ঘটনার পর হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ নিহতের বাসায় যান। তিনি নিহতের লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণের জন্য স্বজনদের অনুরোধ করেন। কিন্তু নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করতে চাওয়ায় পুলিশ লাশের ছুরতহাল তৈরি করে চলে যায়।
 
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুর রহমান জানান, ঘটনার ৩ ঘন্টা পর সংবাদ পেয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত পিকআপ চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
 
ইত্তেফাক/নূহু