সিলেটের জকিগঞ্জে চার দিন আগে নিখোঁজ হওয়া জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে হাত ও পা বাঁধা এবং বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকা থেকে তাকে উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। পরে তাকে সরাইল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, চার দিন আগে কাউন্সিলর শাকিল বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এ ঘটনায় কাউন্সিলরের বড় ভাই নজরুল ইসলাম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার ইত্তেফাককে জানান, সরাইল থানার আওতাধীন একটি এলাকা থেকে হাত ও পা বাঁধা এবং বস্তাবন্দী অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোম্বামীর নেতৃত্বে একদল পুলিশ সরাইল থানায় গিয়ে কাউন্সিলর শাকিলকে জকিগঞ্জে নিয়ে আসে।
এসআাই কল্লোল গোস্বামী জানান, কাউন্সিলর শাকিল অসুস্থ। এ কারনে তাহার মুখ থেকে কোন তথ্য পাওয়া যাচ্ছে না। এখন আমরা জকিগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হয়েছি সেখানে নিয়ে চিকিৎসা করানোর পর কাউন্সিলরের মুখ থেকে ঘটনা সম্পর্কে জানবো। এরপর উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
