সাভারে নির্বাচনী প্রচারণার ব্যানার লাগাতে গিয়ে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্টে আহত যুবকের নাম রিপন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে রিপন সাভার থানা বাসস্ট্যান্ডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বিলবোর্ডের সঙ্গে একটি ব্যানার লাগাতে যান। এক পর্যায়ে তিনি বিলবোর্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লীবিদ্যুৎ এর মূল লাইনের সঙ্গে জড়িয়ে যান। এ সময় তার পায়ে আগুন ধরে যায় এবং বিলবোর্ডের লোহার রডের সঙ্গে তিনি ঝুলতে থাকেন।
তাৎক্ষনিক স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে বিষয়টি জানালে মূল লাইনটি বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে যাওয়া রিপনকে গুরুতর আহত অবস্থায় বিলবোর্ডের ওপর থেকে নামানো হয়। পরে তাকে প্রথমে অপারেশন থিয়েটার এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়।
হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন বলেন, আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা শেষে আইসিইউতে রাখা হয়েছে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।
জানা গেছে, আহত রিপন স্থানীয় সাংসদ ডাঃ এনামুর রহমানের হাসপাতালেরই কর্মচারী এবং তার নির্বাচনী প্রচারণার ব্যানার লাগাতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।
ইত্তেফাক/নূহু
