লুটপাটকারীরা এখন দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন: রেলমন্ত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৯:৫৫
রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, উন্নয়ন মানেই আওয়ামী লীগ, এদেশের উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প কোন দল হতে পারে না। যা ইতিমধ্যে দেশের মানুষ বুঝে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি-জামাত ক্ষমতায় এলে দেশের সম্পদ লুটপাট হয়। বিগত সময়ে ক্ষমতায় থেকে যারা দেশের সম্পদ লুটপাট করে নিজেদের পকেট ভারি করেছে ওইসব লুটপাটকারীরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রানীর বাজার হাইস্কুল মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশি দিন বাকি নেই। নির্বাচনে ধর্ম ব্যবসায়ী ও জ্বালাও-পোড়াও করে দেশের সম্পদ বিনষ্টকারী, পেট্রোল বোমা মেরে ও আগুন সন্ত্রাস করে নিরীহ মানুষ হত্যাকারী বিএনপি-জামাত আবারও ভোট চাইতে আসবে। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
 
তিনি বলেন, দিনের পর রাত আসার ধারাবাহিকতা যেমনি সত্য, তেমনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অগ্রগতির পথ ধরে উন্নয়নের মহাসড়কে এটাও সত্য। তাই আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শাহজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মোখলেছুর রহমান মজুমদার, শাহিন মজুমদার প্রমুখ।
 
এর আগে সকালে চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কালিমন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভা শেষে দুপুরে এক বিশাল র‌্যালি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে।
 
ইত্তেফাক/নূহু