ইন্সুরেন্সের টাকা পেতে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা!

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২০:৩৫
অস্ট্রেলিয়ায় লাইফ ইন্সুরেন্সের ১৪ লাখ ডলার পাওয়ার লোভে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। খবর বিবিসির।
 
আদালতে আইনজীবীরা বলেন, আত্মহত্যাকারী জেনিফার মোরান্ট (৫৬) দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের ব্যাথায় ভুগছিলেন। তবে তিনি নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত ছিলেন না। ইন্সুরেন্সের টাকা পেতে তাকে আত্মহত্যায় প্র্ররোচনা দেন স্বামী গ্রাহাম মোরান্ট।
 
 
গ্রাহাম তার স্ত্রীর ইন্সুরেন্স পলিসির একমাত্র সুবিধাভোগী হিসেবে ১৪ লাখ অস্ট্রেলিয়ান ডলার গ্রহণ করেছেন বলেও আদালতকে জানান কৌসুঁলিরা।
 
গ্রাহাম এ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি তার স্ত্রীর ইন্সুরেন্স পলিসির বিস্তারিত জানতেন না।
 
তবে জেনিফারের এক বন্ধু আদালতকে বলেছেন, মৃত্যুর আগে জেনিফার তাকে বলেছেন, ‘আমি আত্মহত্যা করতে যাচ্ছি এবং গ্রাহাম এক্ষেত্রে সহায়তা করবে ’
 
কুইন্সল্যান্ড রাজ্যের সুপ্রিম কোর্টের বিচারপতি পিটার ডেভিস বলেন, সব পক্ষের বক্তব্য শুনে জুরি বোর্ড মনে করছে স্বামীর প্ররোচনা না থাকলে জেনিফার মোরান্ট আত্মহনন করতেন না। আসছে ১৯ অক্টোবর এ মামলার রায় ঘোষণা করা হবে।
 
ইত্তেফাক/টিএস