সিসিলিতে নভেম্বরে লিবিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১২:৩৫
সিসিলিতে নভেম্বর মাসে লিবিয়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন।
 
উত্তর আফ্রিকার যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে মূলত এই সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়। দেশটিতে এখনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
 
ইতালির পররাষ্ট্রমন্ত্রী এনজো মোয়াভেরো মিলানেসি সিনেটকে বলেন, পালেরমোতে ‘স্থিতিশীল প্রক্রিয়ার অগ্রগতি নিরূপনের’ লক্ষে ১২ ও ১৩ নভেম্বর এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
মিলানেসি বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বৈঠকে একটি অভিন্ন ও সকলের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছার চেষ্টা চালানো হবে।’
 
মে মাসে প্যারিসে একটি সম্মেলনে লিবিয়ায় প্রধান চারটি দলের নেতা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফ্রান্সের নেতৃত্বাধীন পরিকল্পনার অংশ হিসেবে ১০ ডিসেম্বর একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছেন।
 
চলমান সহিংসতা ও বিভিন্ন পক্ষগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য সত্ত্বেও নানামুখী সংকটে জর্জরিত লিবিয়ায় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। -বাসস/ এএফপি
 
ইত্তেফাক/ জেআর