পদ্মায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু, প্রাণে বাঁচল ১৯ যাত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৫:৪০
চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে নাইম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত নাইম নারায়ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বত্রিরশিয়া গ্রামের মেসের আলীর ছেলে।
 
নারায়নপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন হোদা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ৭নং বাঁধ থেকে ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া নৌকাটি  ধুলাউড়ি ঘাটের নিকট পৌঁছুলে নদীর পাড় ধসে নৌকাটির উপর পড়লে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১৯ জন যাত্রী সাঁতরিয়ে ও স্থানীয়দের সহযোগিতায় বেঁচে গেলেও ৩ বছরের শিশু নাইম নিখোঁজ হয়। বুধবার বেলা ১১টায় সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকা থেকে শিশু নাইমের লাশ উদ্ধার করা হয়।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন গৌড় বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু নাইমের পরিবারকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ