মনপুরার মেঘনায় ১২ জলদস্যু গ্রেপ্তার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৬:৩১
ভোলার মনপুরার মেঘনায় একটি ট্রলারসহ ১২ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের জাগলার চর সংলগ্ন মেঘনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত দস্যুরা হল- মো. হাতেম (৪৮), মনিরুল ইসলাম (৩৫), শাহাদাত (৩৮), মোসলেহউদ্দিন (৪৫), ছাদেক (৪৯), নুরুউদ্দিন (৪০), আবুল হোসেন (৪৫), মফিজুল ইসলাম (৪৬), রফিজুল ইসলাম (৭৭), ইসমাইল (৪২), নুরইসলাম (৪৫), রহিম (১৯)। তাদের সবার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ৩নং চরগোড়া কাচা ইউনিয়নে।
 
জানা গেছে, মঙ্গলবার রাতে মেঘনায় মাছ শিকারকালে দুই ট্রলারে করে দস্যু বাহিনী হামলা চালায়। এই সময় নদীতে থাকা জালেরা ডাক-চিৎকার শুরু করে দস্যুদের পিছু নেয়। একপর্যায়ে মেঘনায় মাছ শিকারে থাকা রাসেদ মাঝি, হেজু মাঝি, লিটন-২, ইব্রাহীম মাঝিসহ কমপক্ষে ১৫ ট্রলার একত্রিত হয়ে দস্যুদের ধাওয়া করে। পরে ১২ দস্যুকে আটক করে কোস্টগার্ড ও পুলিশে সোপর্দ করে জেলেরা।
 
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, একটি ট্রলারসহ দস্যুদের কাছ থেকে একটি রাম দা, একটি ছুরি ও বিভিন্ন প্রকারের কাটা জাল জব্দ করা হয়। তবে আটকের পূর্বে দস্যু বাহিনী নদীতে দেশীয় অস্ত্র ফেলে দেয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ