চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির ১৫ নেতাকর্মী আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে নগরীর কাজির দেওরি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি।
নগরীর বিএনপির দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, উত্তর জেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় আমাদের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, বুধবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা মিছিলে নাম করে সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় এসআই কামালসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
