র ফি কু ল ই স লা ম
বাংলাদেশ টেলিভিশনে সম্প্রতি প্রচার শুরু হয়েছে বদরুল আনাম সৌদ রচিত ও নির্দেশিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। এই নাটকে আবারো সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন লাক্সতারকা নীলাঞ্জনা নীলা। এই নাটকে সুবর্ণা মুস্তাফার মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। নীলার বাবার চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম। নাটকটিকে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘যেহেতু অভিনয়ই আমার মূল পেশা। তাই ভালো গল্প, ভালো চরিত্র পেলে অবশ্যই আমি অভিনয় করার চেষ্টা করব এবং সেটা রুটিন করেই করব। আমার অন্যান্য ব্যস্ততার মধ্যদিয়ে সৌদের এই নাটকে আমি রুটিন করেই অভিনয় করছি। এই ধারাবাহিকটির গল্প হালকা মেজাজের। দর্শককে বিনোদন দিতেই সব নাটক নির্মিত হয়। সৌদের এ নাটকটি দর্শককে বিনোদিত করতেই নির্মিত হয়েছে। নীলা ভালো অভিনয় করার চেষ্টা করছে। তার এই চেষ্টাটা অব্যাহত রাখুক এটাই আমি চাই।’ সৌদের নির্দেশনায় সুবর্ণা মুস্তাফার সঙ্গে নীলা প্রথম অভিনয় করেছিলেন ‘গহীন বালুচর’ সিনেমায়। নাটকটি নিয়ে রচয়িতা ও নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, ‘আমার রচিত ও নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে আমি মোটামুটি আশাবাদী। আমার কেন যেন মনে হয় দর্শক নাটকটি দেখে বেশ আনন্দিত হবেন। দর্শক আরাম নিয়ে নাটকটি উপভোগ করবেন। দর্শকের ভালোলাগার কথা ভেবেই নাটকটি নির্মাণ করছি। ধন্যবাদ এই নাটকে যারা অভিনয় করছেন তাদের প্রত্যেককে।’ ধারাবাহিক নাটক ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিট প্রচারিত হয়।
