আজ বিশ্বসাহিত্য কেন্দ্রে ইউএনডিপির সহযোগিতায় ও উন্নয়ন সমন্বয়ের আয়োজনে 'লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লজিক)' প্রকল্পের বেইজলাইন জরিপ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড.আতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জেরিনা রহমান খান, সাবেক অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড. মাহফুজ কবির, রিসার্চ ডিরেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস)। ড. সেলিমুল হক, পরিচালক, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি), টি এম সেলিম, মনিটরিং স্পেশালিস্ট, ইউএনডিপি, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এনজিও ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
ইউএনডিপির সহযোগিতায় উন্নয়ন সমন্বয়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক বেইজলাইন সার্ভের ফলাফল উপস্থাপন করেন ড. মাহফুজ কবির ও রাশেদুল আজাদ। ড. সেলিমুল হক এই জরিপের প্রশংসা করে বলেন জলবায়ু বিতর্কে বাংলাদেশের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরতে এর ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন আলোচক এই জরিপকে আরও সমৃদ্ধ করার জন্য নানা পরামর্শ দেন।
প্রতি উত্তরে জরিপ দলের বিশেষজ্ঞ ড. জেরিনা রহমান খান ও ড. নিয়াজ আহমেদ খান বলেন, এটি একটি চলমান গবেষণা এবং আলোচকদের এসব পরামর্শ তারা গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখবেন।
সভাপতির বক্তব্যে ড. আতিউর রহমান বলেন যে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সরকারগুলো বিশেষ করে ইউনিয়ন পরিষদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই জরিপ স্থানীয় সরকারের এই সম্ভাবনার দিকটি তুলে ধরেছে। বিশেষ করে জলবায়ূ পরিবর্তনের শিকার চর ও উপকূলের প্রান্তিক মানুষগুলোর জীবনের মান উন্নয়নে কি ধরনের আয় উপার্জনকারী উন্নয়ন কর্মসূচী গ্রহণ করা যায় তার দিকনির্দেশনা এই জরিপে উঠে এসেছে। সরকার, এনজিও এবং ব্যক্তিখাত ও উন্নয়ন সহযোগী এই নীতি পরামর্শের আলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে।
ইত্তেফাক/নূহু
