দিনাজপুরে ফুলবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় খোকন সিং (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গোলজার হোসেন (৪৫) আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ি উপজেলার ফকিরপাড়া ময়দার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন সিং উপজেলার বেতদীঘি ইউনিয়নের চকমথুরা গ্রামের ইন্দ্রজিৎ সিংয়ের ছেলে এবং পূজা উদযাপন পরিষদ বেতদীঘি ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। আহত গোলজার হোসেন একই ইউনিয়ন ফরিদাবাদ গ্রামের মৃত আহমেদ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, খোকন সিং সঙ্গী গোলজার হোসেনকে নিয়ে দিনাজপুর থেকে মোটরসাইকেলে ফুলবাড়ি যাওয়ার সময় একই দিক থেকে আসা পিকআপ ভ্যাটটি (ঢাকা-মেট্রো-ড-১১-৫৪৯০) ফকিরপাড়া ময়দার মিল এলাকায় আকস্মিকভাবে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক পিকআপ ভ্যানের চাকার নিচে পড়লে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর গোলজার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসী অন্তত ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে সড়কে চলাচল স্বাভাবিক করে।
এএসআই মিন্টু মিন্টু মিয়া বলেন, পিকআপ ভ্যানটি আটক করা গেলে চালক পালিয়ে গেছে। তবে পিকআপ ভ্যানের কাগজপত্র সবগুলোরই মেয়াদ উত্তীর্ণ রয়েছে।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, নিহত খোকন সিংয়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল থেকে তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
