রাস্তায় পাশে থাকবে স্কুটার ইচ্ছেমতো চালিয়ে গন্তব্যে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ০৪:১১
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। পরিবহন ব্যবস্থায়ও যুগান্তকারী পরিবর্তন এনেছে প্রযুক্তি। স্মার্টফোনের অ্যাপ ভিত্তিক নেটওয়ার্কের বদৌলতে এখন রাস্তায় নামলেই দেখতে পাবেন আপনার জন্য অপেক্ষা করছে কাঙ্খিত গাড়িটি। অ্যাপ ভিত্তিক এই পরিবহন ব্যবস্থার ধারণাটি প্রথম মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছিল আমেরিকা ভিত্তিক অনলাইন নেটওয়ার্ক কোম্পানি উবার। এই নেটওয়ার্কের মাধ্যমে একজন চালক ও একজন যাত্রী নিজেদের মধ্যে খুব সহজেই যোগাযোগ স্থাপন করে নেয়। যাত্রী সেবার মান, সহজপ্রাপ্যতা ও বাণিজ্যিক গাড়িগুলোর চেয়ে এর ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়তা লাভ করেছে অ্যাপ ভিত্তিক পরিবহন ব্যবস্থা।
 
তবে সেই ধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়তে বাজারে এসেছে ‘লিফট স্কুটার সার্ভিস’। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি লিফট এমন এক ব্যবস্থা গড়ে তুলছে যেখানে রাস্তার পাশে পড়ে থাকবে ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক বাইকের মতো যানবাহন। আর যাত্রীরা নিজের অ্যাপের মাধ্যমে খুব সহজেই খুঁজে নিতে পারবে বিশ্রামে থাকা নিকটস্থ এসব যান। এরপর নিজের স্মার্টফোনের অ্যাপ কিংবা ‘কিউআর’ কোডের মাধ্যমে লক খুলে সেটিকে নিয়ে রওনা দিতে পারবেন নিজের গন্তব্যে।  
 
উবারের মতো সার্ভিসগুলোর সাথে লিফট এর এই ধারণার সাথে মৌলিক পার্থক্য হলো এতে চালকের ওপর নির্ভর করতে হবে না। বরং নিজের মতো করে গাড়ি চালিয়ে ইচ্ছেমতো যাওয়া যাবে গন্তব্যে। এই ব্যবস্থায় যে শুধু ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক বাইক থাকবে তা নয়, থাকতে পারে মোটর সাইকেল কিংবা প্রাইভেট কারের মতো গাড়িও। স্কুটার শেয়ারিং এই মার্কেটে ‘লিফটে’র মতো রয়েছে ‘বার্ড’ এবং ‘লাইম’ এর মতো আরো কিছু কোম্পানিও। উবারও চিন্তাভাবনা করছে এই ধরনের স্কুটার শেয়ারিং মার্কেটে পা রাখতে। উবারের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, সান্তা মোনিকাসহ বেশ কিছু শহরে নিজস্ব স্কুটার নামাতে চলেছে কোম্পানিটি। রাইড শেয়ারিং নিয়ে মানুষের ধারণায় আমূল পরিবর্তন হলেও অনেক গবেষণায় আবার সমালোচনাও করা হয়েছে। সমালোচকদের বক্তব্য, বাণিজ্যিক দিকের কথা মাথায় রেখে অনেকেই এই ধরনের গাড়ি নামাতে এগিয়ে আসছেন। এতে করে বাড়ছে যানজট।
 
অভিনব এই রাইড শেয়ারিং ব্যবস্থা সম্পর্কে লিফট এর পক্ষ থেকে বলা হয়েছে, রাস্তায় পাশে থাকা এসব স্কুটার কিংবা ইলেকট্রিক বাইক মানুষের পরিবহন ধারণায় বড় পরিবর্তন নিয়ে আসবে। প্রতিদিনের যাতায়াতকে করে তুলবে আরো বেশি আনন্দময় এবং যাত্রীবান্ধব। যাত্রীদের উদ্বুদ্ধ করতে কোম্পানিটি নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। যেসব যাত্রী তাদের ব্যবহূত স্কুটার কোন ‘পাবলিক ট্রানজিটের’ কাছাকাছি ছেড়ে যাবে তাদের জন্য থাকবে বিশেষ ছাড়। পাবলিক ট্রানজিটের পাশ দিয়ে যাওয়ার সময় অ্যাপের মাধ্যমে যাত্রীকে অগ্রিম জানিয়ে দেওয়া হবে আশেপাশে পাবলিক ট্রানজিট থাকার কথা। মজার বিষয় হলো, সম্প্রতি উবারের মতো প্রতিষ্ঠান সান ফ্রান্সিসকোতে তাদের রাইড শেয়ারিং ব্যবস্থাকে ধীরে ধীরে ইলেকট্রিক বাইক শেয়ারিং ব্যবস্থার স্থানান্তর করছে। উবারের এই ধরনের ব্যবসার ধরনের বদলের পেছনে একটি বড় কারণ হতে পারে যাত্রীদের রুচির পরিবর্তন। কারণ ‘লিফট’ তাদের যাত্রা শুরু করার পর থেকেই যাত্রীদের থেকে দারুণ সাড়া পাচ্ছেন। এ কারণে তারা দিন দিন তাদের ব্যবসার পরিসরও বাড়িয়ে চলেছে।-সিএনএন
 
ইত্তেফাক/আরকেজি