জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাহায্য করা ও মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা উচিত ভারতের। মঙ্গলবার ভারত সফরকালে নয়াদিল্লির টাউন হলে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
গুতেরেস বলেন, ভারত কী করতে পারে? প্রথমত, ব্যাপক মানবিক সংকটের মুখে থাকা বাংলাদেশকে সাহায্য করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর অবশ্যই ভারতকে চাপ দিতে হবে। শুধু রোহিঙ্গা গ্রামগুলোর পুনর্নির্মাণ নয়, সেখানে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির জন্য চাপ দিতে হবে। বর্তমান পরিস্থিতি এমন যে, সন্ত্রাসী সংগঠনগুলো সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। আর এটা হলে তা পুরো অঞ্চলেই নেতিবাচক প্রভাব ফেলবে। ভালো খবর হলো, এখনো খুব বেশি রোহিঙ্গাকে তারা দলে ভেড়াতে পারেনি, আর এখনো ওই পরিস্থিতি এড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু বৈষম্য ও সমস্যা জিইয়ে থাকলে তা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সুযোগ করে দেবে।
বাংলাদেশ সম্পর্কে গুতেরেস বলেন, বাংলাদেশের মতো একটি দেশ ১০ লাখ শরণার্থীকে আশ্রয় দেবে এটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমি রোহিঙ্গাদের মতো এতো বৈষম্যের শিকার হওয়া কোনো গোষ্ঠী বিশ্বে আর কোথাও দেখিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও সেখানে কথা বলেন গুতেরেস। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্ব থেকে আজকের বিশ্ব সম্পূর্ণ আলাদা। জাতিসংঘেও পরিবর্তন দরকার। অনেক সংকটে নিরাপত্তা পরিষদ যথাযথ পদক্ষেপ নিতে পারে না। এর কারণ স্থায়ী পাঁচ সদস্য একমত হতে পারে না।
ইত্তেফাক/মোস্তাফিজ
