মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিলাসপ্রিয় স্ত্রী রোসমাহ মানসুরকে বৃহস্পতিবার অভিযুক্ত করা হয়েছে। মাল্টি বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত রোসমাহ মনসুরের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ দায়ের করা হয়। এই আর্থিক কেলেঙ্কারিকে কেন্দ্র করে নাজিব রাজাকের সরকারের পতন ঘটে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ৬৬ বছর বয়সী এ নারীর বিরুদ্ধে অর্থ পাচারের ১৭টি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। রাষ্ট্রীয় তহবিল লুটে জড়িত থাকার অভিযোগে তার স্বামী নাজিব রাজাককেও পৃথকভাবে এ আদালতে হাজির করা হয়।
রোসমাহর বিলাসী জীবন নিয়ে আলোচিত হয় সারা বিশ্বজুড়ে। তার অর্থের যোগান আসতো দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার থেকে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের এক প্রতিবেদনেও তার অলঙ্কারের দাম নিয়ে আলোচনা করা হয়।
রোসমাহর স্বামী নাজিব রাজ্জাকের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। স্বামীর মতো রোসমাহর বিরুদ্ধেও দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।-বাসস ও আল জাজিরা
ইত্তেফাক/ জেআর
