রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ ভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৭
রাজশাহীর পুঠিয়ায় তিনদিন ধরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১২টায় নাটোর সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মজিদ (৫০) পুঠিয়া পৌরসভার গন্ডগোহালি এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করেছে।
 
পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৯টায় মজিদ পুঠিয়া থেকে চার্জার ভ্যানে ভাড়া নিয়ে ঝলমলিয়ার উদ্দেশ্যে যান আব্দুল মজিদ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পরও মজিদকে না পেয়ে গত বুধবার পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজনরা পুঠিয়ার ঝলমলিয়ার আশেপাশে তার খোঁজ করছিল। 
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিকে পুঠিয়া থানার শেষ সীমানা নাটোর সোনারপাড়া বিলে চার মাথার মোড়ের কিছু দূরে স্বজনরা মজিদের লাশ দেখে পুঠিয়া থানায় খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে পুঠিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তবে নিহত আব্দুল মজিদের ভ্যানটি পাওয়া যায়নি।
 
এলাকাবাসীর অভিযোগ, একটি সংঘবদ্ধ ভ্যান ছিনাতইকারী চক্র পুঠিয়া এলাকায় দীর্ঘ দিন ধরে ভ্যান  ছিনতাই করেছে। গত এক মাসে পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী এলাকার দুইজন চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করা হয়েছে। এছাড়া প্রায় প্রতিদিন পুঠিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় ভ্যান ছিনতাইকারীরা হানা দিচ্ছে। ফলে এলাকায় ভ্যান ছিনতাই ও চালক হত্যা আতংক বিরাজ করছে। 
 
এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাজিদের ভ্যান ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, ভ্যান চলকদের সচেতন হতে হবে। রাতে অপরিচিত লোক ভ্যান ভাড়া করলে সেই ভাড়ায় না যাওয়ার পরামর্শ দেন তিনি।
 
ইত্তেফাক/নূহু