সোনারগাঁওয়ে স্কুলছাত্রী নিহতের গুজবে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৯:৪২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে আসা একটি বাসের ধাক্কায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হওয়ার গুজবে বিক্ষুদ্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা বাসে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে ওই শিক্ষার্থী মারা যায়নি।
 
আহত শিক্ষার্থী সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবরোধের সময় মহাসড়কের চলাচলরত প্রায় ১০-১২টি ভাঙচুর করে। এ সময় অবরোধকারীরা দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার(খ অঞ্চল) খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন, সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম ঘটনাস্থলে গিয়ে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা ও ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে অবরোধকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, দ্রুত ঘাতক বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। পাশাপাশি ফিটনেস বিহীন গাড়ি চিহ্নিত করে  আইনের আওতায় আনার দাবি করছি। এছাড়াও শিক্ষার্থীদের রাস্তা চলাচলে নিরাপত্তা দাবি করছি।
 
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, ঘাতক বাসচালক ও হেলপারকে গ্রেফতার ও ফুট ওভার ব্রিজ নির্মাণে সংসদ সদস্যের আশ্বাসে অবরোধকারীরা শান্ত হয়ে অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
 
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের অবরোধে মহাসড়ক অচল হয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে স্কুলের সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণ ও শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
 
ইত্তেফাক/বিএএফ