সরকারের উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে সারাদেশে শুরু হচ্ছে ‘৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সকল জেলা, উপজেলা পর্যায়ে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। এ সময় প্রধানমন্ত্রী রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন।
রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের উপজেলা পর্যায়ে মেলার উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালন করেন।
মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করা, জনগণের অংশীদারিত্ব বৃদ্ধি, সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও বর্তমান সরকারের উন্নয়ন, সাফল্য, আন্তর্জাতিক অর্জন, স্বীকৃতি তুলে ধরা হচ্ছে।
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী র্যালিতে নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার মোহা. আবু সুফিয়ান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক জাকির হোসেন।
র্যালি শেষে মেলা উদ্বোধনের পর মেলা মঞ্চে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রুহুল আমীন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার মোহা. আবু সুফিয়ান অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, প্রফেসর শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
