আসামের একটি বন্দিশিবিরে থাকা ৭ রোহিঙ্গা শরনার্থীকে মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে ওই রোহিঙ্গা নাগরিকদের ভারতে থাকার বিষয়টি প্রত্যাখ্যান হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। খবর বিবিসির।
ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, রোহিঙ্গাদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিবৃতি গ্রহণ করা হয়েছে। রোহিঙ্গারা ভারতের নাগরিক নন। তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। তাদের নাগরিক হিসেবে মিয়ানমারকেই গ্রহণ করতে হবে। এ প্রেক্ষিতে আসামে থাকা রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে এটাই সরকারের প্রথম পদক্ষেপ।
মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সামরিক অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয় বলে জানিয়েছে জাতিসংঘ। ২০১৮ সালের আগস্টে প্রকাশিত রিপোর্টে বলা হয় এ অভিযানের পর থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে আসে।
রাখাইনে সেনাবাহিনীর অভিযানে গণহত্যার উপাদান রয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
রোহিঙ্গা ইস্যুতে এখন প্রবল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে মিয়ানমার। একই সঙ্গে চাপে পড়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচিও। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের সমালোচনার ভয়েই জাতিসংঘ সাধারণ অধিবেশন বয়কট করেছেন সুচি।
ইত্তেফাক/টিএস
