রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বেপরোয়া সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস অভিযোগগুলো তুলেছে। বিবিসি।
বৃহস্পতিবার হেগ এ ডাচ ও যুক্তরাজ্য সরকারের এক যৌথ সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের কর্মকর্তারা ওপিসিডব্লিউ’র বিরুদ্ধে রুশ তৎপরতার বিশদ বিবরণ তুলে ধরেন। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ‘ওপিসিডব্লিউ’ এর বিরুদ্ধে সাইবার হামলার পরিকল্পনার জন্য ৪ রুশকে বহিষ্কারও করেছে নেদারল্যান্ড।
নেদারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ার সব কর্মকান্ড তুলে ধরে আমরা স্পষ্টতই বলতে চাইছি যে, রাশিয়াকে এগুলো বন্ধ করতে হবে।
ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে রাশিয়ার সাবেক গুপ্তচরের ওপর রাসায়নিক হামলার ঘটনার তদন্তে ওপিসিডব্লিউ নিয়োজিত থাকায় প্রতিষ্ঠানটি হামলার লক্ষ্য হয়েছে।
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিবৃতিতে বলেছে, তাদের গোয়েন্দা সংস্থাগুলোও বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গন, ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং ক্রীড়া প্রতিষ্ঠানে একই ধরনের রুশ হামলার প্রমাণ পেয়েছে।
রাশিয়ার হস্তক্ষেপের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়ার জোরালো প্রচেষ্টাতেই পশ্চিমা দেশগুলোর সরকার বৃহস্পতিবার একের পর এক অভিযোগে দেশটির মুখোশ খুলে দিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, যুক্তরাজ্য তাদের মিত্রদের নিয়ে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে।
ইত্তেফাক/টিএস
