স্ত্রী হত্যার দায়ে গুইমারা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ২১:৫৬
স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে পুলিশ গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরি (ওম) কে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার উপজেলার ডাক্তার টিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
স্বজনদের অভিযোগ, গত শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে শারীরিক নির্যাতনে স্ত্রী মাধবী রাণী রায় পিংকি(২৫) মারা যায়। এরপর মাটিরাঙ্গা হাসপাতালে তার মৃতদেহ রেখে পালিয়ে যায় সাগর চৌধুরী। গত রবিবার পিংকির বৃদ্ধা মা মঞ্জু রাণী রায় গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একমাত্র সাগর চৌধুরিকে আসামি করা হয়। ঘটনার পর থেকে সাগর গা ঢাকা দেন। পুলিশ আজ গোপনসূত্রে খবর পেয়ে উপজেলা সদরের ডাক্তার টিলা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করে।
 
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, বহু চেষ্টার পর পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর তার স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।
 
পিংকি এমএসসি পাস। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করতেন। অন্যদিকে, সাগর এসএসসি পাসও করেনি। ছাত্রলীগের নেতা হিসেবে কিছু ঠিকাদারি কাজ করেন তিনি। বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে বনিবনা ছিল না। সাগর তাকে প্রায়ই মারধর করতো। কিছুদিন আগেও অমানুষিকভাবে পিংকিকে নির্যাতন করে সাগর। এ কারণে উচ্চ শিক্ষিতা স্ত্রী পিংকি গুইমারায় স্বামির বাড়িতে আসতেন না। দেন দরবার করে সপ্তাহখানেক আগে সাগর তাকে নিয়ে আসে।
 
গত শনিবার (২৯ সেপ্টেম্বর) দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। এক পর্যায়ে সাগর তাকে বেদম মারধর করেন। গুরুতর অবস্থায় মাটিরাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে পিংকি মারা যায়। পরে সাগর মাটিরাঙ্গা হাসপাতালে তার মৃতদেহ রেখে কৌশলে পালিয়ে যান। সাগরের পরিবার থেকে এলাকায় প্রচার করা হয় পিংকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে, গলায় ফাঁসের চিহ্ন বা আত্মহত্যার কোন আলামত দেখা যায়নি। তবে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল।
 
পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টেও পিংকির শরীরে আঘাতের অনেক চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। পিংকির মা মঞ্জু রাণী রায় গত রবিবার ফেনী থেকে এসে সাগর চৌধুরিকে একমাত্র আসামি করে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
 
ইত্তেফাক/নূহু