আরো দুই আন্তর্জাতিক সংস্থা ছাড়লো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ০৪:২৩
আরো দু’টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। মার্কিন নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) ইরান ও ফিলিস্তিনের অভিযোগ জানানো এবং এ নিয়ে রায়ের পর এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগ, নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র ১৯৫৫ সালে ইরানের সঙ্গে করা ‘মৈত্রী চুক্তির’ লংঘন ঘটাচ্ছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দেন।
 
অন্যদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানান, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক নিয়ে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের ‘অপশোনাল প্রটোকল বা ঐচ্ছিক বিধান’ থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। ইসরাইলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইসিজেতে গত সেপ্টেম্বরে অভিযোগ জানায় ফিলিস্তিন। এই অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ‘ঐচ্ছিক বিধান’ থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়। -রয়টার্স
 
ইত্তেফাক/আরকেজি