মার্কিন নিষেধাজ্ঞাকে পরাজিত করে চপেটাঘাত করবে ইরান: খামেনি

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৬:০৬
 
রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞাকে পরাজিত করে ইরান যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করবে।
তিনি বলেন, আল্লাহর কৃপায় আমরা নিষেধাজ্ঞাকে পরাজিত করব। আর এই নিষেধাজ্ঞাকে পরাজিত করা হবে যুক্তরাষ্ট্রকে পরাজিত করা। তেহরানের আজাদি স্টেডিয়ামে গতকাল একথা বলেন খামেনি।
গতমাসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে যুক্তরাষ্ট্র। ইরান পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি ভেঙ্গে দেয়। তবে চুক্তিতে স্বাক্ষর করা অন্য দেশগুলো চুক্তি বহাল রাখার পক্ষে।
ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার জন্য নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। খামেনি স্বীকার করেন যে নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিতে চাপ পড়ছে। জনগণের জীবনমানের অবনতি হচ্ছে। তিনি বলেন, এই মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গুর। যারা যুক্তরাষ্ট্রের চাপে সমঝোতা করতে বলছেন তাদের বিশ্বাসঘাতক বলে বিবেচনা করা হবে। শত্রুরা ইরানকে আত্মসমর্পণ করাতে চায়।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) অভিযোগ করেছে ইরান। আইসিজে যুক্তরাষ্ট্রকে বলেছে তাদের নিষেধাজ্ঞার কারণ যেন ইরানে মানবিক সহায়তা ব্যাহত না হয়। এই নিষেধাজ্ঞা দুটি দেশের ১৯৫৫ সালে করা মৈত্রী চুক্তির বিরোধী। -রয়টার্স
ইত্তেফাক/ জেআর