রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নব-নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকলে ৪টায় নগরভবনের গ্রিন প্লাজায় এক উৎসবমুখর অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। অনুষ্ঠানে রাসিকের ৩০ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলরও দায়িত্বগ্রহণ করেন।
রাসিক আয়োজিত অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার নাগরিক উপস্থিত ছিলেন।
এ সময় নগরবাসীকে উদ্দেশ্য করে মেয়র লিটন বলেন, ‘আপনারা আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এ জন্য আমি সকলের কাছে ঋণী। আমি আপনাদের এই ঋণ পরিশোধ করতে পারব না। করতে চাইও না। আমি আপনাদের পাশে থেকে, সাথে সাথে থেকে আপনাদের সেবা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘মেয়রের কাজ শুধু মশা মারা নয়, রাস্তাঘাট ও ড্রেন পরিস্কার করা নয়। প্রধানমন্ত্রী যেমন দেশের সার্বিকক্ষেত্রে উন্নয়ন করছেন, তেমনি মেয়রের কাজ হচ্ছে নগরীর মানুষের সার্বিক কল্যাণ করা। আমি রাজশাহীর মানুষের তেমনি কল্যাণ করতে চাই। শিক্ষানগরী রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। রাজশাহী-ঢাকা সরাসরি শীতাতপ নিয়ন্ত্রিত বিরতিহীন আরেকটি ট্রেন চাই। বেকার সমস্যার সমাধানে শিল্পায়ন করতে চাই। রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন চালু করতে চাই।’
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, সংরক্ষিত সংসদ সদস্য বেগম আকতার জাহান, মেয়র পত্মী শাহিন আকতার রেনী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আব্দুস সালাম, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, কবি কুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আকতার, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুল হাদি ও দুরুল হুদা, কাউন্সিলরদের পক্ষে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আজিম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম আব্দুস সোবহান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, মেয়র লিটন কন্যা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্নাসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় রাসিকের নবনির্বাচিত কাউন্সিলদের সাথে নিয়ে নগরভবনে যান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর জাতীয় পতাকা ও সিটি কর্পোরেশনের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে তারা।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির এএইচএচ খায়রুজ্জামান লিটন। গত ৫ সেপ্টেম্বর গণভবনে মেয়র লিটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শপথবাক্য পাঠ করান।
ইত্তেফাক/বিএএফ
