আলমডাঙ্গায় ফেসবুক আইডি হ্যাক করে তা উদ্ধার করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছে দুই প্রতারক। আজ রাত ৯টার দিকে শহরের বিটিম মাঠের পাশে ওই দুই প্রতারককে পুলিশ আটক করে।
প্রতারণার শিকার মিয়াপাড়ার শমসের আলীর ছেলে মমিন ওই দুই প্রতারকের বিরুদ্ধে আগেই থানায় অভিযোগ দায়ের করেন।
আটক প্রতারক ফজলে রাব্বি আলমডাঙ্গার বাবুপাড়ার খন্দকার আকরামুল আলমের ছেলে ও অপর প্রতারক রাব্বির সহকারী পাপ্পু একই পাড়ার খোকনের ছেলে।
মমিন তার অভিযোগে বলেন, শহরের মদিনা গার্মেন্টসের স্বত্বাধিকারী মমিনের দোকানে পাপ্পু কর্মচারী হিসেবে চাকরি করতো। কিছুদিন আগে অনিয়ম দেখে মমিন পাপ্পুকে দোকান থেকে তাড়িয়ে দেন। এরপর পাপ্পু প্রতারক রাব্বির সঙ্গে যোগসাজস করে আমার নামে আরেকটি আইডি খোলে। সেখানে আমার সঙ্গে মেয়েদের ছবি আপলোড করতে থাকে। আমি পাপ্পুকে বললে সে ৪ হাজার টাকা দিলে ছবি সরিয়ে দিতে পারবে বলে জানায়। আমি তাকে ৪ হাজার টাকা দেই।
এরপর আমার আইডিটাও তারা হ্যাক করে। আমি পাপ্পুর সঙ্গে যোগাযোগ করি। পাপ্পু জানায়, রাব্বি নামের একজন কম্পিউটার সম্পর্ক ভালো বোঝে সে উদ্ধার করে দিতে পারবে। আমি পাপ্পুকে সঙ্গে নিয়ে রাব্বির কাছে যায়। রাব্বি সব শুনে আইডি উদ্ধার করতে আমার কাছে ২৭ হাজার ৪শ টাকা দাবি করে এবং কে হ্যাক করেছে তার নাম জানতে আরো ৫০ হাজার টাকা দাবি করে।
এক পর্যায়ে আজ রাত ৯ টার সময় মমিন বিটিম মাঠের পাশে ২৭ হাজার ৪শ টাকা নিয়ে যায়। কথা মত প্রতারক রাব্বি ও পাপ্পু টাকা নিতে ঘটনা স্থলে হাজির হয়। টাকা গুনে নেওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা থানার এএসআই হামিদ হাতে-নাতে দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে আসেন।
ইত্তেফাক/নূহু
