ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৭১ জন মানুষ নিহত হয়েছে। এখনও নিখোঁজ হাজারেরও বেশি মানুষ। এনডিটিভি।
দুর্গত সুলাবেসি দ্বীপের শিশুদের এখন রাস্তায় রাস্তায় খালি থালা নিয়ে ভিক্ষা করতে দেখা যায়। বিদেশে সাংবাদিক ও ত্রাণকর্মী কাউকে দেখলেই খাবার চেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শিশুরা।
খাবারের অভাবে দোকান লুট, বিশৃঙ্খলা থামাতে শুক্রবার কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করেছে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনী। কোন কোন এলাকায় ফাঁকা গুলিও ছোড়া হয়।
শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। রাস্তা-ঘাট ভেঙে পড়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না উদ্ধার কর্মীরা।
IMG0
ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালু ও ডংগালা এলাকা। পালু এলাকায় ব্যাপকভাবে উদ্ধার তত্পরতা চললেও ডংগালা খুব একটা মনোযোগ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
ত্রাণ তৎপরতা জোরদার করতে ১ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ ঘোষণা করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক অঙ্গন থেকে ত্রাণ আসছে ঠিকই, তবে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর মতো অবস্থা সেখানে নেই।
ইত্তেফাক/টিএস
