সিনেমা হল বন্ধের স্রোত যেন থামছেই না। একে একে কালের গর্ভে বিলীন হচ্ছে রাজশাহী মহানগরীর সিনেমা হলগুলো। উৎসব, স্মৃতি, বর্ণালী সিনেমা হল ইতোপূর্বে বন্ধ হয়ে গেছে। সেখানে গুড়ে উঠেছে বহুতল হাইরাইজ বিল্ডিং। এবার বন্ধের মিছিলে যোগ দিচ্ছে রাজশাহী মহানগরীর সর্বশেষ সিনেমা হল ‘উপহার’। আগামী ১২ অক্টোবর এ হলটি বন্ধ হয়ে যাচ্ছে বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।
উপহার সিনেমা হলের কর্মচারী লিটন জানান, মালিকের পক্ষ থেকে ইতোমধ্যেই কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে, ১২ অক্টোবর থেকে হলটি বন্ধ করা হবে।
বর্তমানে উপহার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে শাকিব খান, নুসরাত, সায়ন্তিকা অভিনীত ‘নাকাব’ ছবিটি। ১১ অক্টোবর পর্যন্ত চলবে ছবিটি। এ সিনেমা প্রদর্শনের মধ্যে দিয়েই শেষ হচ্ছে ঐতিহ্যবাহী সিনেমা হল ‘উপহার’ এর পথ চলা। ‘নাকাব’ সিনেমাটি হতে যাচ্ছে উপহার সিনেমা হলের শেষ সিনেমা।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মচারী জানান, সিনেমা হলের মালিক ঢাকায় থাকেন। সম্প্রতি সিনেমা হলটি জায়গাসহ ১০ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। নতুন মালিক আর সিনেমা হল রাখবেন না।
এদিকে উপহার সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়ার সংবাদে হতাশা নেমে এসেছে নগরীর সিনেমাপ্রেমীদের মাঝে। শুধু তাই নয় সেখানে কর্মরত কর্মচারীরাও অন্ধকার দেখছেন।
নগরীর ষষ্ঠিতলার সামাদ জানান, হলটিকে ঘিরে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোট থেকে ওই হলে সিনেমা দেখে বড় হয়েছি। এখনো কোন অনুষ্ঠানে বন্ধুদের নিয়ে হলে সিনেমা দেখি। হলটি বন্ধ হয়ে যাবে শুনে ভীষণ খারাপ লাগছে।
উপহার সিনেমা কর্মচারী লিটন আরো জানান, দীর্ঘদিন ধরে হলটির সঙ্গে তাদের জীবন জড়িয়ে আছে। অনেকেই হলটি ঘিরে জীবিকা নির্বাহ করে। জীবনের এই সময় এসে যদি হলটি বন্ধ হয়ে যায় তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে।
ইত্তেফাক/বিএএফ
