এবার যৌন হেনস্থার অভিযোগ চেতন ভগতের বিরুদ্ধে

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২১:১০
একের পর এক যৌন হেনস্থার অভিযোগ ওঠছে ভারতের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। হলিউডের পর এবার ভারতেও শুরু হয়েছে ‘#(হ্যাশ)মিটু’ আন্দোলন। সম্প্রতি ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপরই বিখ্যাত লেখক চেতন ভগতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলো এক তরুণী।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে ‘টু স্টেটস, ওয়ান ইন্ডিয়ান গার্ল, ফাইভ পয়েন্টস সামওয়ান’-খ্যাত লেখক চেতন ভগতের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই মেসেজের স্ক্রিনশটও প্রকাশ করেছেন ওই তরুণী। 
 
তরুণীর ওই পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিজের আচরণের জন্য ক্ষমা চান ভগত। 
 
তার পোস্ট অনুসারে, ঘটনাটি বহু পুরনো হলেও, সত্যি বলে মেনে নিয়েছেন তিনি। ওই যুবতীর পাশাপাশি নিজের স্ত্রীর কাছেও ক্ষমা চেয়েছেন ভগত। অভিযোগের পোস্টটি স্ত্রীকে দেখিয়েছেন বলেও জানিয়েছেন চেতন ভগত। যদিও স্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে কিছু জানাননি তিনি। -টাইমস অফ ইন্ডিয়া ও এইসময়
 
ইত্তেফাক/ জেআর