আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও নগরভবনে অফিস করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরভবনের বিভিন্ন দপ্তর ও কক্ষ পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নগরপিতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জানা গেছে, শনিবার ছুটির দিন থাকলেও নগরভবনে আসেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরভবনের ছাদে উঠে প্রথমে ছাদ পরিদর্শন করেন। এরপর নগরভবনের ১০ম থেকে তৃতীয় তলা পর্যন্ত বিভিন্ন দপ্তর ও কক্ষে যান তিনি। এ সময় মেয়র পরিচ্ছন্ন বিভাগ, সম্পত্তি শাখা, কর আদায় শাখা, ট্রেড লাইসেন্স শাখা, বিদ্যুৎ শাখা, প্ল্যানিং শাখা, সাধারণ প্রশাসনিক শাখা, স্বাস্থ্য শাখা, কাউন্সিলর রুমসহ আরও বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় রাসিকের কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, প্রধান প্রকৌশলী আশরাফুল হকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের শুভেচ্ছা
শনিবার রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। দুপুর ১২টায় নগরভবনে গিয়ে মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সুমন দেব ও সহকারী পুলিশ সুপার ইবনে রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ জুলাইয়ের নির্বাচনে বিপুলভোটে বিজয়ী মেয়র লিটন গত ৫ সেপ্টেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন। ৫ অক্টোবর বিকেলে নগরভবন গ্রীনপ্লাজায় উৎসবমুখর অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ইত্তেফাক/বিএএফ
