বাংলাদেশে পর্যটনের সবচেয়ে বড় সম্পদ এর জনগণ: রাশিয়ার শীর্ষ ব্লগার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২২:০৪
পর্যটকদের আকর্ষণের জন্য বাংলাদেশে অনেক কিছু রয়েছে। তবে সহজ, সরল, বন্ধুভাবাপন্ন ও অতিথি পরায়ন মানুষই হচ্ছে এদেশের পর্যটনে সবচেয়ে বড় সম্পদ। ৮ দিনব্যাপী বাংলাদেশ সফর শেষে এ মন্তব্য করেছেন রাশিয়ার সর্বাধিক জনপ্রিয় ভ্রমণ ব্লগার আলেগ ক্রিকেট। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ১০ লাখ।
 
বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে রাশিয়ার জনগণের সামনে তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফর শেষে ৪ জন শীর্ষ রুশ ব্লগার শনিবার ঢাকা ত্যাগ করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত রুশ প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজ সফরটি আয়োজন করে। এটি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটমের প্রকৌশল শাখা। 
 
আলেগ বলেন, আমি বিশ্বের প্রায় ৭০টি দেশ ভ্রমণ করেছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার এবং জনগণের সঙ্গে ভাব বিনিময়ের সুযোগ হয়েছে আমার। এটা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। এদেশের মানুষ অনেক কর্মঠ, চলমান বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে। আমার বিশ্বাস বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোরম।
 
ইত্তেফাক/জেডএইচ