মিরপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী় চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮ 'র আজ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বিকাল ৫ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন খান, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়াদ্দার, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।
চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় উপজেলার সকল সরকারি দপ্তর ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতি সহ ষাটটি দপ্তর তাদের নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কার্যাবলী মেলায় প্রদর্শন করে।
উন্নয়নমূলক কার্যাবলী প্রদর্শনের জন্য মেলায় প্রথম স্থান অধিকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় তথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলা শিক্ষা অফিস ও পল্লী বিদ্যুৎ সমিতি এবং তৃতীয় স্থান অধিকার করে উপজেলা নির্বাচন অফিস ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে।
উপজেলা শিক্ষা অফিসের যেসকল কার্যাবলী মেলায় দর্শকদের আকৃষ্ট করেছে এবং সরকারের উন্নয়ন ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড প্রকাশ করেছে তার মধ্যে অন্যতম ছিল সরকারের সবচেয়ে বড় তিনটি মেগা প্রকল্প ১. পদ্মা সেতু প্রকল্প ২. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও ৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
উপজেলা শিক্ষা অফিসের স্টলে এই তিনটি মেগা প্রকল্পের মডেল প্রস্তুত করে রাখা হয়েছে হয়েছিল এবং উন্নয়ন মেলায় আগত শিক্ষার্থী ও সাধারণ দর্শক সারাক্ষণ মেগা প্রকল্প তিনটির মডেল দর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে এই প্রকল্প তিনটির খুঁটিনাটি তথ্য সম্পর্কে ধারণা লাভ করেন।
উপজেলা শিক্ষা অফিসের স্টলে মিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কিত ৪০০ ছবি দিয়ে উন্নয়ন অ্যালবাম প্রস্তুত করে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক সিগনাল সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ট্রাফিক সিগনাল সম্পর্কে জ্ঞান প্রদান করেন যা মেলায় ভিন্নতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
স্টলে শিশু শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য স্থান পেয়েছিল বর্ণমালার বৃক্ষ, বর্ণচার্ট, আদর্শ বাড়ির মডেল, বাস্তুতন্ত্র ইত্যাদি।
স্টলের তিনদিকে স্থান পেয়েছিল মিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষার গৃহীত উন্নয়ন কার্যক্রমের শতাধিক স্থিরচিত্র। এক নজরে মিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষার তুলনামূলক উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছিল স্টলে এবং তিন দিনব্যাপী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার তুলনামূলক উন্নয়ন চিত্র দর্শকদের সামনে তুলে ধরা হয়।
উপজেলা শিক্ষা অফিসের ইনোভেশন অনলাইন সেবা সম্পর্কিত লিফলেট মেলায় বিতরণ করা হয়েছে।
অনেকে উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম রচিত " মানসম্মত প্রাথমিক শিক্ষা একটি স্বপ্ন বাস্তবায়ন" বইটি স্টল হতে সংগ্রহ করেছেন এবং পড়েছেন বলে উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম জানান। তিনি বলেন, স্টলে স্থান সংকুলান না হওয়ায় অনেক উপকরণ মেলায় প্রদর্শন করা সম্ভব হয় নাই। আগামীতে আরও বড় পরিসরে স্টল বরাদ্দ পেলে প্রাথমিক শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে সবার সামনে তুলে ধরা যাবে।
ইত্তেফাক/নূহু
