মণ্ডপে মণ্ডপে ঘুরলেই চোখে পড়ছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। আসন্ন শারদীয় দুর্গাপূজায় নওগাঁয় ৭৮৪টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে।
পূজা মণ্ডপগুলোতে কে কত সুন্দরভাবে প্রতিমা তৈরি করতে পারে তার জন্য ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ইতিমধ্যেই কিছু কিছু পূজা মন্দিরে প্রতিমার অবকাঠামোগত মাটির কাজ শেষপর্যায়ে। তবে এই প্রতিমাগুলোতে রঙের কাজ করা হবে পূজার কিছুদিন পূর্বে।
সূত্রে জানা, নওগাঁয় ১১ উপজেলা ও তিনটি পৌরসভায় অনুষ্ঠিত হবে এ উত্সব। ১১ উপজেলার মধ্যে মহাদেবপুরে সবচেয়ে বেশি এরপর রয়েছে মান্দা ও রাণীনগর উপজেলায় সব থেকে বেশি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪ অক্টোবর শুভ মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর দেবী দুর্গা নৌকায় আগমন এবং ঘোড়ায় চড়ে গমন করবেন বলে জানা গেছে।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল বলেন আসন্ন দুর্গা পূজায় জেলায় মোট ৭শত ৮৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা সনাতনধর্মালম্বীদের কিন্তু উত্সব সবার। পূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা জেলা ও উপজেলা পর্যায়ের সকল মণ্ডপের নেতাদের নিয়ে সভা করেছি। তাই আশা করা যাচ্ছে এবার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে। পূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্নের দিকে।
ইত্তেফাক/এএম
