পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিয়ালা বনাঞ্চল থেকে বনদস্যু ছত্তার ভাই বাহিনী মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে। ওই জেলেদের মুক্তির জন্য
আজ রবিবার দুপুরে বিকাশের মাধ্যমে দস্যুদের ৫০ হাজার টাকা দিলেও দস্যুরা জিম্মি জেলেদের ছাড়বে না বলে জানায়।
শনিবার বিকেলে সুন্দরবনের নদীতে মাছ ধরে জেলেরা নৌকায় বাড়ি ফিরে আসার সময় তাঁদেরকে অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হচ্ছে, শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হারুন বয়াতীর ছেলে মিজান বয়াতী (২৫) ও লুৎফর তালুকদারের ছেলে সুজন তালুকদার (২০)। তাদের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেছে দস্যুরা।
আজ রবিবার সকালে ফিরে আসা জেলেরা জানান, এক সপ্তাহ আগে ছয় জেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পাশ নিয়ে বনে মাছ ধরতে যান। মৎস্য আহরণের নিষেধাজ্ঞার শুরুর আগের দিন তারা ফেরার সময় দস্যুরা ছয় জেলের মধ্য থেকে দুজনকে অপহরণ করে নিয়ে যায়।
জিম্মি জেলে সুজন তালুকদারের বাবা লুৎফর তালুকদার জানান, রবিবার দুপুরে তিনি বিকাশের মাধ্যমে দস্যুদের ৫০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু দস্যুরা জেলেদের ছাড়বে না বলে জানায়।
কোস্টগার্ড পশ্চিম জোন মংলার অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলে অপহরণের বিষয়টি খোঁজ নিয়ে তাদের উদ্ধারে অভিযান চালানো হবে।
ইত্তেফাক/কেকে
