গাংনীতে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:০৪
মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের ধাক্কায় আলগামন থেকে পড়ে রুমি খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার বেলা ১টার দিকে তেরাইল-ভরাট রাস্তায় তেরাইল গ্রামের শহিদুল বিশ্বাসের পুকুর পাড়ে দুর্ঘটনা ঘটে।
 
নিহত রুমি গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের পাখি ভ্যান চালক ফয়নাল হোসেনের মেয়ে। 
 
নিহতের মা হাসিনা খাতুন জানান, দু’সন্তানকে কোলে নিয়ে স্যালোইঞ্জিন চালিত আলগামনে চড়ে গাংনী আসছিলেন তারা। ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুটি। পরে মুমূর্ষু অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 
 
অপরদিকে সুমির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটকের জন্য পুলিশের একটি টীম এলাকায় অভিযানে রয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ