খুলনা মহানগরীসহ জেলায় আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত আগস্ট মাসে মহানগরীসহ জেলার ১৭ থানায় ৪৭৭টি মামলা হয়েছিল। সেখানে গত সেপ্টেম্বর মাসে মামলা হয়েছে ৪৯০টি। অর্থাৎ আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে ১৩টি মামলা বেশি হয়েছে।
রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।
সভায় জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন মাদক স্পটে ১২০টি অভিযান পরিচালনা করে ৩০ জন আসামির বিরুদ্ধে ২৮টি মামলা দায়ের করা হয়। মাদকের বিরুদ্ধে ৪৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১ আসামির বিরুদ্ধে ২০টি মামলা হয়। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ১০ জনকে ২৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সভায় নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে ফুটপাথ দখল করে রাস্তায় চলাচল বিঘ্নিত হওয়া, ফিটনেসবিহীন পরিবহন চলাচল নিয়ন্ত্রণসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কার্যক্রম এবং ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুর্গাপূজায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা ও নির্বাচনী তফসিল ঘোষণা হলে কেউ কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ
