কেন্দুয়ায় ট্রাক্টর উল্টে নিহত ১

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৮:১৪
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হালচাষের ট্রাক্টর উল্টে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক বাচ্চু মিয়া (৫০) নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের সামনেহাওরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া কেন্দুয়া পৌর শহরের দিগদাইর গ্রামের রাজধর আলীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বাচ্চু মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের বকুল মিয়ার হালচাষের ট্রাক্টরটি কর্মচারী হিসাবে চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো রবিবার সকালেও তিনি রাঘবপুর গ্রামের সামনের হাওরে ওই এলাকার কৃষকদের ফসলি জমিতে টাকার বিনিময়ে হালচাষ করতে যান। হালচাষ শেষে বাড়িতে ফেরার পথে নিচু জমি থেকে রাস্তায় উঠতে গেলে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক বাচ্চু মিয়া। 
 
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে ট্রাক্টরসহ নিহত চালকের লাশ উদ্ধার করেছে। 
 
ইত্তেফাক/জেডএইচ