‘সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু রাখতে হবে। আমাদের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং শুধু শুরু করলে হবে না। তা যাতে সব সময় সক্রিয় থাকে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। বর্তমান সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বাংলাদেশ স্কাউটসকে সার্বিক সহায়তা করা হচ্ছে।’
আজ রবিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি জানি গোয়ালন্দের বিদায়ী ইউএনও সাহেবের আন্তরিক চেষ্টায় এই উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে স্কাউটিং চালু করা হয়েছে। এটা যেন ঝিমিয়ে না যায়, সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।
বৃহত্তম ফরিদপুরের ৫টি জেলার মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দেই প্রথম শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, বাংলাদেশ স্কাউটিংয়ের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক লিয়াকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্কাউটিংয়ের সাধারণ সম্পাদক আরিফা বেগম প্রমুখ।
ইত্তেফাক/কেকে
