সিরাজগঞ্জের শহর সংলগ্ন ক্রসবার ৩নং বাঁধে তিনটি অংশে ধস দেখা দিয়েছে। শনিবার সকাল ১০টা থেকে আকস্মিকভাবে এই ধস দেখা দেয়। এখন পর্যন্ত প্রায় ৬০ মিটার মিটার বাঁধে ধস নেমেছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এ অংশে পানি উন্নয়ন বোর্ডের কাজের সঠিক তদারকির অভাব ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ ঘটনা ঘটেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি কমার কারণসহ বালি তোলায় বাঁধের কিছুটা ক্ষতি হয়েছে। তবে বর্তমানে এখানে অবৈধ বালি উত্তোলন বন্ধ রয়েছে। আর ধস রোধে এরই মধ্যে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ যমুনার পানি ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। পানি কমার সঙ্গে সঙ্গে ধস দেখা দিয়েছে। দ্রুত ধস রোধ করা সম্ভব না হলে আরো ব্যাপক ক্ষতির মুখে পড়বে এই বাধ।
এ অঞ্চলের বাসিন্দা হাসিবুল জানান, বাঁধের পাস দিয়ে পাথরের বড় বড় ঠিকি (স্তুপ) করার কথা থাকলেও তা বাধের অনেক অংশে করা হয়নি। এছাড়া বাঁধের পাশ থেকে বালু উত্তোলন তো চলেই আসছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পানি কমতে থাকায় এবং বাঁধের পাশ থেকে বালি উত্তোলন করায় এই ধস দেখা দিয়েছে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার ফলে বালি উত্তোলন বন্ধ রয়েছে। ধস রোধে বালির বস্তা ডাম্পিং করা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
