ভারতের বিহারে যৌন হেনস্থার প্রতিবাদ করায় গার্লস হোস্টেলে ঢুকে ৩৪ জন ছাত্রীকে পিটিয়েছে একদল বখাটে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ছাত্রীদের সবার বয়স ১২ থেকে ১৬ বছর। এনডিটিভি।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো ছয়জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, শনিবার বিহারের সাওপাওল জেলার কাস্তুরবা আবাসিক স্কুলে ঘটনার সূত্রপাত। ওইদিন স্থানীয় কিছু বালক স্কুলের সীমানা ডিঙিয়ে গোপনে ভবনের ভেতরে ঢুকে পড়ে। তাদের বেরিয়ে যেতে বললে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে তারা। জবাবে বালকদের মারধর করে ছাত্রীরা।
এর দুই ঘণ্টা পর অন্যদের সঙ্গে নিয়ে স্কুলটি ঘিরে ফেলে বখাটেরা। হোস্টেলে থাকা মেয়েদের ওপর শুরু হয় নির্দয় মারধর। স্কুলের শিক্ষকদেরও রেহাই দেয়নি তারা।
ছাত্রীদের অভিযোগ, এ সময় সাহায্য চেয়েও পুলিশের কাছ থেকে তা পায়নি তারা।
প্রকাশ্যে ছাত্রী হোস্টেলে হামলার ঘটনায় ফুঁসে পুরো ভারত বর্ষ। বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার নিজেই সন্ত্রাসী ও ধর্ষকদের সাহায্য করেন। তিনি গুণ্ডাদের কাছে আত্মসমর্পণ করেছেন। এজন্যই আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে।’
ইত্তেফাক/টিএস
