রাজশাহীতে বিদ্যমান একমাত্র চলচ্চিত্র প্রেক্ষাগৃহ ‘উপহার’ বন্ধের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। রবিবার বিকেল ৫টায় শহরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহীতে সক্রিয় পাঁচটি চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। সোমবার বিকেল সাড়ে ৪টায় ‘উপহার’ হলের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন সঞ্চালনা করেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন। বক্তৃতা করেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীর সাধারণ সম্পাদক এবং সিনেমাটোগ্রাফার ও অভিনেতা মাহমুদ হোসেন মাসুদ, বরেন্দ্র ফিল্ম সোসাইটির সভাপতি সুলতানুল ইসলাম টিপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও চলচ্চিত্রনির্মাতা ড. সাজ্জাদ বকুল, চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সভাপতি রাসেল মাহমুদ, চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার প্রমুখ।
সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলা এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন খেলাঘর, রাজশাহীর সহ-সভাপতি জুলফিকার আলী গোলাপ, নাট্যজন কামার উল্লাহ সরকার, মহিলা পরিষদের সভানেত্রী কল্পনা রায়, ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বঙ্গবন্ধু পরিষদ মহানগর শাখার যুগ্ম সম্পাদক আমিনুর রহমান।
এছাড়া অ্যাডভোকেট মিতা, রায়হান, নাদিম, শাকিল প্রমুখ এই সিনেমা হল রক্ষার দাবি তুলে ধরেন।
বক্তারা বিভাগীয় শহর রাজশাহীর একমাত্র এই হলটিকে রক্ষায় স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, স্থানীয় সংসদ সদস্যসহ সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইত্তেফাক/জেডএইচ
