তানোরে শাশুড়িকে গলা কেটে হত্যার দায় স্বীকার করলো পুত্রবধূ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২৩:৫৩
রাজশাহীর তানোরে শাশুড়িকে গলাকেটে হত্যার দায় স্বীকার করলো পুত্রবধূ সোনিয়া আক্তার রুমি(২৪)।  এ তথ্য নিশ্চিত করেছনে তানোর থানার প্রধান কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম। 
 
তিনি জানান, চলতি মাসের ৩ অক্টোবর উপজেলার জীতপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন জোহরা বেগম ও তার পুত্রবধূ আহত হয়। আহত পুত্রবধূকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। পরে নিহতের ভাই মোজাফফর হোসেন বাদী হয়ে তানোর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা তদন্ত করতে গিয়ে অনেক কিছু সামনে আসে। তার প্রেক্ষিতে রোববার তাকে রামেক হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রুমি নিজের শাশুড়িকে হত্যা করেছে বলে স্বীকার করে।  খুন করার বিষয়টি স্বীকার করায় তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। তবে কি বিষয় নিয়ে খুন হয় তা এখনো জানায়নি পুলিশ।
 
ওসি আরো জানান, পরকিয়া সম্পর্কের জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে।
 
ইত্তেফাক/নূহু