পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের দুধমুখী এলাকা থকেে ৪টি কুমিরের চামড়া ওএকটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি ডিংগী নৌকা থেকে হরিণ ও কুমিরের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণটি বনে অবমুক্ত করে কুমিরের চামড়া রবিবার ঢাকায় পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বনের হরিণটানা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা সুন্দরবনে টহল দেওয়ার সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুধমুখী নদীতে একটি নৌকা দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা নৌকা ভিড়িয়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ওই ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে পা বাধা একটি জীবিত হরিণ ও কুমিরের ৪টি বড় সাইজের চামড়া উদ্ধার করে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান মুঠোফোনে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অজ্ঞাত পাচারকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
