রাজবাড়ীর গোয়ালন্দে পরকীয়ার জের ধরে এক গৃহবধূ ও তার প্রেমিককে আটক করে গাছের সাথে বেঁধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী গোয়ালন্দ ঘাট থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেছে।
অভিযুক্ত প্রেমিক সেলিম রেজা (৩৫) ও ওই গৃহবধূকে সোমবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। সেলিম রেজা গোয়ালন্দ উপজেলার পূর্ব তেনাপচা ২নং আশ্রয়ণ প্রকল্পের মৃত আলমগীর হোসেনের ছেলে।
মামলার এজাহারে ওই গৃহবধূর স্বামী নুরুল হক গায়েন জানান, তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়া গ্রামে। আটক সেলিম রেজা তার স্ত্রী রুমা আক্তারের খালাতো ভাই। আত্মীয়তার সুবাদে সেলিম রেজা তাদের বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে সেলিম রেজার সাথে তার স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ পরিস্থিতিতে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তার স্ত্রীকে তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এ অবস্থায় সেলিম রেজা ফোনে তাকে জানায় তার স্ত্রী আর তার সংসার করবে না। গত ররিবার তিনি জানতে পারেন তার স্ত্রীকে গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া দুলাল বেপারীর পাড়া গ্রামে শহিদ মোল্লার বাড়িতে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় স্থানীয় উত্তেজিত হয়ে তাদের মারধর করে। তার স্ত্রীকে গার্মেন্টস চাকরির প্রলোভন দেখিয়ে সেলিম রেজা আটকে রেখে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করছিল বলে তিনি মামলার এজহারে উল্লেখ করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী এ প্রসঙ্গে বলেন, খবর পেয়ে পুলিশ সেলিম রেজাসহ ওই গৃহবধূকে বিক্ষুব্ধ এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গৃহবধূর স্বামী দুইজনকে আসামি করে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/বিএএফ
