রাজশাহী বিভাগের ৮ জেলায় এবার ৩ হাজার ৫৩৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। এসব পূজামণ্ডপের মধ্যে ২ হাজার ৯৩টি পূজামণ্ডপ গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এচাড়া ১ হাজার ৪১টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ আনসার-ভিডিপি ছাড়াও গোয়েন্দা সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে শারদীয় দূর্গোৎসবের নিরাপত্তার বিষয়ে ৮ জেলার পুলিশ সুপার ও পদস্থ কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন এ তথ্য জানান।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় জেলা পুলিশ সুপারদের ১৬টি নির্দেশনা দিয়েছেন ডিআইজি এম খুরশীদ হোসেন। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সহযোগিতা চান তিনি।
সভায় জানানো হয়, রাজশাহী বিভাগের ৮ জেলায় এবার পূজামণ্ডপ স্থাপন করা হচ্ছে ৩ হাজার ৪৩৮টি। এছাড়া রাজশাহী মহানগরীতে পূজামণ্ডপ হচ্ছে ৯৮টি। এর মধ্যে রাজশাহী জেলায় ৩৬২টি, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩২টি, নওগাঁ জেলায় ৭৮৫টি, নাটোরে ৩৭১টি, পাবনায় ৩৪০টি, সিরাজগঞ্জ জেলায় ৪৯৩টি, বগুড়া জেলায় ৬৬৫টি এবং জয়পুরহাট জেলায় ২৯০টি।
সভায় ডিআইজি বলেন, রাজশাহী বিভাগের আট জেলায় এবার গত বছরের চেয়ে ২১১টি বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন-প্রস্তুতি চলছে। নিরাপত্তার দিক থেকে ১ হাজার ৪১টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ১ হাজার ৫২টি ঝুঁকিপূর্ণ এবং বাকী ১ হাজার ৩৪৫টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রাজশাহী জেলায় ১০৫টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১৪৫টি ঝুঁকিপূর্ণ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৪টি অধিক ঝুঁকিপূর্ণ ও ৩৮টি ঝুঁকিপূর্ণ; নওগাঁ জেলায় ২২০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ২০৫টি ঝুঁকিপূর্ণ; নাটোরে ৯৪টি অধিক ঝুঁকিপূর্ণ ও ৯১টি ঝুঁকিপূর্ণ; পাবনায় ১৪২টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১০৬টি ঝুঁকিপূর্ণ; সিরাজগঞ্জে ১৬৪টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১৬৯টি ঝুঁকিপূর্ণ; বগুড়ায় ১৬৯টি অধিক ঝুঁকিপূর্ণ ও ২১২টি ঝুঁকিপূর্ণ এবং জয়পুরহাটে ৯৩টি অধিক ঝুঁকিপূর্ণ ও ৮৫টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাজশাহী মহানগরীতে এবার ৯৮টি পূজামণ্ডপ শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৬ ও ঝুঁকিপূর্ণ হিসেবে ৬৫টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
