এবার প্রতিহত করতে এলে মুগুর পেটা: সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২৩:৩২
সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ চালাচ্ছে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনও অনুষ্ঠিত হবে। এর কোন হেরফের হবে না। গত ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করা নিয়ে বিএনপি-জামাত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল তা আর আগামীতে হতে দেওয়া হবে না। দেশে শান্তি রক্ষায় আর আগুন সন্ত্রাস বরদাস্ত করা হবে না। এবার নির্বাচন নিয়ে কোন প্রকার অপতৎপরতা দেখলে দেশের জনগণ ঐসব সন্ত্রাসীদের মুগুর পেটা করবে। 
 
তিনি সোমবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপালপুরে ২টি ভোট কেন্দ্র কমিটি গঠন কল্পে তৃনমুল কর্মী সমাবেশে এসব কথা বলেন। 
 
তিনি আরো বলেন, মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে। তাই তৃতীয় দফায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে যাচ্ছে। ষড়যন্ত্র করে কেউ আমাদের প্রতিহত করতে পারবে না। আবারো প্রধানমন্ত্রী হবেন বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনা। 
 
এ সময় আওয়ামীলীগ নেতা সিরাজুল আলম মাষ্টারের সভাপতিত্বে পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, দলের নেতা আলহাজ্ব উদ্দিন, ইউপি চেয়ারম্যান আশিককুর রহমান লাজুক বিশ্বাস, আলতাফ হোসেন, হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা শেখ হাফিজ, স্বেচাসেবক লীগ নেতা কামাল আহমেদ, প্রমুখ বক্তব্য রাখেন। 
 
পরে ১০১ সদস্য বিশিষ্ট নারী ও পুরুষ কেন্দ্রের জন্য ২টি কমিটি গঠন করা হয়।
 
ইত্তেফাক/নূহু