সাদুল্লাপুর উপজেলায় ৫১ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা । আটক ব্যক্তির নাম আহসান হাবীব নাহিদ (৩০)।
সোমবার বিকালে তার নিজ বাড়ি সাদুল্লাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ফিরে যাবার সময় আব্দুল আহাদ মিয়া (২৮) নামে আরো এক মাদকসেবীকেও ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে র্যাব।
আটক মাদক কারবারী আহসান হাবীব নাহিদ ওই এলাকার নুরুল আমিনের ছেলে ও উপজেলা সদর ৯ নং বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি। আব্দুল আহাদ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত. নিয়ামত আলীর ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন নাহিদ ও আহাদের গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে জানান, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি আহসান হাবীব নাহিদ দীর্ঘদিন থেকে তার নিজ বাড়ি থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। পুলিশ একাধিকবার তাকে গ্রেপ্তারের চেষ্টা করেও আটক করতে পারেনি। কারণ সে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের ধারে পশ্চিমপাড়াস্থ তার বাড়িতে প্রবেশের পথসহ বেশ কয়েক জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এই ক্যামেরা দিয়ে আইনশৃখংলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সবসময় লক্ষ্য রেখে সে এই ব্যবসা পরিচালনা করে আসছিল।
এলাকাবাসী জানায়, সিসি ক্যামেরার বিষয়টি বেশ কয়েকবার স্থানীয়ভাবে আলোচনায় এলে তিনি (আহসান হাবীব নাহিদ) জানান তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন।
ওসি আরো বলেন, সোমবার রাতেই তাদের দুইজনকে সাদুল্লাপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে র্যাব।
ইত্তেফাক/নূহু
