সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আলেম-জনতার ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান এবং কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, দুর্নীতি দেশের অগ্রগতি ও টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে। মাদক যুব সমাজের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। তাই এসবের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়তে হবে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পথযাত্রা সিলেট থেকে সুনামগঞ্জ শহরে এসে পৌঁছায়। এরপর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাপনী সমাবেশে এসব কথা বলেন ফরীদ উদ্দীন মাসঊদ। সমাবেশে জমিয়তুল উলামার নেতা-কর্মীরা অংশ নেন।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, এই পথযাত্রা কোনো দল করার জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, এটা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে মারামারি-কাটাকাটির কথা উল্লেখ নেই। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই।
সমাপনী সমাবেশে আরও বক্তব্য দেন জমিয়তুল উলামার কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ইয়াহহিয়া মাহমুদ ও মুফতি ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক কাশেমী প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
